মহাখালীর সাততলা বস্তির আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সকালে লাগা এ আগুনে বস্তির বেশ কিছু ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তালহা বিন জসিম।
সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা নতুন নয়। এর আগে ২০১২, ২০১৫, ২০১৬, ২০২০, ২০২১ ও ২০২৫ সালেও সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় বস্তির বহু ঘর পুড়ে যায়।
বস্তিতে আগুন লাগার অন্যতম কারণ হিসেবে বিভিন্ন সময়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা বলা হয়েছে। ঘরগুলোতে অবৈধভাবে টানা দুর্বল ও নিম্নমানের বৈদ্যুতিক তার ব্যবহারের কারণে এ ধরনের ঝুঁকি তৈরি হয়।
এ ছাড়া বস্তির ঘরগুলো ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। বাঁশ, কাঠ, টিন ও প্লাস্টিকের মতো দাহ্য উপকরণ দিয়ে তৈরি ঘরগুলোতে সামান্য আগুন থেকেও বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে। রান্নার কাজে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ও অবৈধ গ্যাস লাইনের লিকেজও আগুনের ঝুঁকি বাড়ায়।
বস্তির ভেতরের সরু রাস্তা এবং আশপাশের সড়কে যানজটের কারণে আগুনের সময় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানো ও পানি ছিটাতে নানা ধরনের সমস্যায় পড়তে হয়।
এ ছাড়া বিভিন্ন সময়ে জায়গা দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও তুলেছেন বস্তিবাসী ও স্থানীয়দের একাংশ।