সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে অবস্থান করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে বিএনপির সংসদ সদস্যদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা এবং জনগণের পাশে থাকার নির্দেশনা দেন তিনি।
দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে সংসদ সদস্যদের নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে।