মানুষ জামায়াতকে ভোট দেবে, ডাকসু-জাকসুতে প্রমাণ: মুজিবুর রহমান
সৎ নেতৃত্বের কারণে আগামীতে মানুষ জামায়াতকেই ভোট দেবে জানিয়ে দলটির নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে তার প্রমাণ মিলেছে।”
আজ শনিবার দুপুরে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বিশ্ব নবীর জীবন ও কর্মনীতি’ শীর্ষক এ সভার আয়োজন করে জামায়াতে ইসলামীর গোদাগাড়ী পৌর ওলামা বিভাগ। অনুষ্ঠানটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, “আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের রূপকার। তাঁর রাষ্ট্র পরিচালনার নীতি-আদর্শই আমাদের পথনির্দেশক, সেই নীতিই আমাদের অনুসরণ করতে হবে।”
সভায় প্রধান আলোচক ছিলেন জামায়াতের রাজশাহী মহানগরের মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌর ওলামা বিভাগের সভাপতি শায়খ আবু মুহাম্মদ বজলুর রহমান এবং সঞ্চালনা করেন মাওলানা ওবায়দুল্লাহ।
এ ছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক, রাজশাহী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, গোদাগাড়ী পৌর আমীর আনারুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মো. কামরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর নোমায়ন মাস্টার প্রমুখ।